চলছবি - বিউটি কর্মকার
কবিতা......
"চলছবি"
বিউটি কর্মকার
এ শহরের চলছবি আমি দেখেছি।
এ শহর এক বৈচিত্রের কারখানা।
এ শহরে রাত নামে-
কোথাও নিয়ন আলো, কোথাও বা মাটির প্রদীপ,
এ শহর জ্বলে ওঠে তার নিজস্ব অস্তিত্বে।
আধাঁর কালো আকাশের নিচে রোশনাই-
কোথাও টাকার, কোথাও বা ঝুপড়ির আগুন,
এ শহর ককিয়ে ওঠে যন্ত্রণায়, তীব্র আর্তনাদে।
এ শহরের বুকে প্রেম কোথাও বুভুক্ষু হয়ে
লুঠে নেয় সব,
আবার কোথাও বিক্রি হয় প্রেম
জঠরের প্রয়োজনে।
কোথাও বা ছুঁয়ে যায় চাতকের জল
বালিশ ভিজিয়ে,
কোথাও আবার প্রেমের অভিনয়
লুঠে নেয় সব হাহাকার রবে।
আমি কালিমার দাগ গুনি-
এ শহরের আনাচে- কানাচে জেগে থাকা দাগ
মুছতে চায় মানুষের অস্তিত্ব বারবার।
শুধু জেগে থাকে সব বাতিস্তম্ভ
দৃষ্টিহীন সাক্ষী হয়ে।
আরো কবিতা পড়ুন

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন