নিছক কোনও গল্প বলার ছলে | গোবিন্দ মোদক

অ্যাওয়ার্ডস - ০৪
কবিতা......
"নিছক কোনও গল্প বলার ছলে"
গোবিন্দ মোদক
রাধানগর,নদিয়া,পঃবঙ্গ,ভারত

নিছক কোনও গল্প বলার ছলে
যাই পেরিয়ে চিকন রঙের নদী, 
সাতসকালও ডেকে কথা বলে
গান শুনিয়েও যায় যে নিরবধি।

ছকের বাইরে ছকভাঙা এক ছকে 
হিসাব কষে জীবন মরণ খাতার, 
শব্দগুলি তাকায় যে ঝকঝকে 
মন মানে না স্মৃতির শুকনো পাতার। 

তবুও তো থামেই না যে চলা 
জীবন পথিক হৃদয়পুরের বাঁকে, 
ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলা 
সাতপুরোনো একই ছবি আঁকে।

চাওয়া পাওয়ার পাকদণ্ডি বেয়ে 
সময় একটা গণ্ডিরেখা টানে, 
হেঁচে কেশে দারুণ বিষম খেয়ে 
খুঁজতে থাকি কি ছিল তার মানে! 

সব প্রশ্নের হয় নাকো উত্তর 
তবুও তো জীবন প্রশ্ন করে, 
পড়ে থাকে খাড়া বড়ি আর থোড় 
জীবনপুরের সেই সে অচলগড়ে॥

নিছক কোনও গল্প বলার ছলে | গোবিন্দ মোদক

কবির পরিচিতি:

প্রথম লেখালিখি: প্রথম কবিতা "প্রেম" প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (১৯৮৯) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ'র গল্প) ১৯৮৯ সালে। প্রথম কিশোর উপন্যাস "গুপ্তধনের খোঁজে" প্রকাশিত হয়েছে ১৯৮৯ সালে শারদীয় "আসানসোল হিতৈষী" পত্রিকায়। লেখালেখির সেই প্রবাহ এখনও ভীষণভাবেই বহমান … নানা ধরণের লেখা নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে দেশ ও বিদেশের অজস্র পত্র-পত্রিকা ও দৈনিকে। লেখালেখির সংখ্যা সাড়ে পাঁচ হাজারের কিছু বেশি — যার অধিকাংশই বিভিন্ন পত্র-পত্রিকা ও দৈনিকে প্রকাশিত হয়েছে।
প্রকাশিত গ্রন্থ: হারিয়ে গেছে ডাক-বাক্স, ধিতাং ধিতাং বোলে, অদ্ভুত যতো ভূতের গল্প, পদ্য ভরা আমার ছড়া, ছন্দ ভরা আমার ছড়া, আলুক ফালুক পদ্ম-শালুক, ‘আয়নার সামনে একা’, ‘প্রথম অন্ধকার এবং ঈভ’, ‘অনিকেত শ্রদ্ধাঞ্জলি, নিমগ্ন রাত্রির ধ্বনিময় সংলাপ, প্রণমি তোমায়।
প্রকাশিতব্য গ্রন্থ: রূপকথার রূপ ও কথা, ভয়ঙ্কর প্রতিশোধ, গুপ্তধনের সন্ধানে, জীবনের রোদ-রং ইত্যাদি।
সম্পাদিত গ্রন্থ: চয়নিকা (প্রথম খণ্ড), চয়নিকা (দ্বিতীয় খন্ড), কিশোর কবিতা সংগ্রহ, চয়নিকা (তৃতীয় খন্ড), চয়নিকা (চতুর্থ খন্ড)।
সম্মাননা: পেয়েছেন অজস্র পুরস্কার ও সম্মাননা। তবুও পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই তাঁর কাছে সবচেয়ে বড় পুরস্কার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়