ফিরে দেখা | গৌতম রায়

অ্যাওয়ার্ডস - ০৪
কবিতা......
"ফিরে দেখা"
গৌতম রায়
আসানসোল,পঃ বর্ধমান,পঃবঙ্গ,ভারত

চল যাই ফিরে আবার সেই বনে
ভেঙে ফেল এ মুখোশ এইক্ষণে।
এ যে গড়া কপটতার মাটি দিয়ে
অবিশ্বাসের হাত দুটি সাথে নিয়ে।
তোমার নিজের রূপ যদিও হয় বা সেরা 
সে তো এ পৃথিবীর আদিম পাথরেতে গড়া। 
আছে তাতে অনুভূতি, স্নিগ্ধ পরশ
অন্তরে আছে ব্যথা, রসালের ন্যায় সরস।
এস বনতলে অগভীর সবুজের সমাহারে
দেখ অনাহুত হয়ে আকাশ এসেছে এর ঘরে।
বস হেথা ক্ষণকাল, শান্ত চিত্ত লয়ে
শুনিছ কি কিছু! সময়কে যেতে দাও বয়ে।
এ ভাষা বুঝি ভুলে গেছ অনভ্যাসে
দুরন্ত গতিতে ছুটে চলে এক নিঃশ্বাসে।
তোমার হৃদয়খানি দুলে চলে অবিরাম দুঃখে
গ্লানিটুকু রেখে দিয়ে সূর্যাস্তের আভায় মেখে।
বাতাসকে কও আনমনে, একেলা এস এস সত্বর
কোথা রাখি একে, আমার কাছেতে নেই উত্তর।
বাতাসও হয়েছে দেখি বৃদ্ধ, স্লথ তার গতি
সভ্যতার গতিতে চড়ে তারও হয়েছে ভীমরতি।
ভুজঙ্গের শ্বাসটুকু শুধু রেখেছে যত্ন করে
হৃদয়ের ডাকে দেয় তাই সর্পিল হাসি ছেড়ে।
বিদগ্ধ হৃদয় নিয়ে আজো আছো পড়ে
আবিশ্বাসের বাতাসকে হতাশার হাতে ধরে।
তোমার চিন্তা আজ হয়ে গেছে পরাধীন
কৃত্রিম যুদ্ধে হেরে তুমি রয়ে গেছ অধীন।
এখানে আকাশ হয়েছে মলিন, অনাদরে
সভ্যতার নিঃশ্বাস জড়িয়ে রয়েছে তাকে আদরে।
কুম্ভকর্নের অকাল ঘুম ভেঙেছে পাতাল গহ্বরে 
লালআঁখি মেলে ঝঞ্ঝায় মেতেছে সে মদভরে।
কে রুখবে তাকে? আজি এ ভীষন রণক্ষেত্রে?
উদ্দাম নৃত্য করছে সে রক্তিম দুই নেত্রে।
প্রকৃতির উদর হতে টানিয়া এনেছ যে তাহারে
টেনে এনেছো তাকে যে ছিল প্রকৃতি মায়ের উদরে।
এ ভীষন যজ্ঞে আহুতি দেবে সে বল কোন সাহসের ভরে? 
সভ্যতার নির্মম পাহাড়ে বাজাবে ডঙ্কা ধ্বনি তারই 
মৃত্যুতে রইবে সে এ মহাশ্মশানের প্রহরী।
এখনও সময় আছে 'তিষ্ঠ ক্ষণকাল হেথা'।
ভাষা যাবে শিখে শুনবে মরমের ব্যথা।
তোমার হাতেই মরেছে যে এরা শত সাল ধরে,
নিঃশব্দে নীরবে অব্যক্ত বেদনার অশ্রু ঝরে।
রণক্ষেত্রে তুমিই জিতেছ অর্বাচীনের স্বপ্নকে ভর করে
অসংখ্য সৈনিকের সাথে নিজেকে মেরে।
তবু মরে নি এরা, বেঁচে আছে স্বপ্নকে জাগিয়ে রেখে।
অতন্দ্র প্রহরীর মত আজও এখানে আছে মনোদুঃখে।
তুমি তো অনাহুত, এসেছ অনন্ত সাল পরে,
এদের নিঃশ্বাস নিয়ে বুকে, শিশুরূপে হাত ধরে।
অন্তরে ভয় নিয়ে ছুটে চলতে পাহাড়ে প্রান্তরে
হাহুতাসে আসতে এখানে অবশেষে রণক্ষেত্র ছেড়ে।
পালিত হয়েছ যে মাতৃক্রোড়ে নিশ্চিন্ত জীবনের আশে,
শয়তানের আশিষ নিয়ে মাথায়, তাকেই হানিছ শেষে!

ফিরে দেখা | গৌতম রায়

কবির পরিচিতি:

সাহিত্য সম্বন্ধে অনুরাগী হলেও পেশাদারী চাকরীর জগতে চলে যাওয়ার কারণে সৃষ্টির দিকে মন দিতে পারিনি। পরবর্তী কালে কবিতা লেখার পাশাপাশি ছোটদের ওপর বিজ্ঞানভিত্তিক গল্প লিখতে শুরু করি। তিনটে কবিতার বই প্রকাশ হওয়ার পর দুটো বিজ্ঞানভিত্তিক গল্প এবং কিছু ছোটগল্প প্রকাশ হয়। আমার শেষ প্রকাশিত বই হল “ভারতের ইতিহাসের পরিপ্রেক্ষিতে নারীর মূল্যবোধ”।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়