বাংলা আমার মাতৃভাষা | গোবিন্দ মোদক
অ্যাওয়ার্ডস - ০৩
কবিতা......
কবিতা......
"বাংলা আমার মাতৃভাষা"
গোবিন্দ মোদক
রাধানগর,নদিয়া,পঃবঙ্গ,ভারত
বাংলা আমার মাতৃভাষা জন্ম-নাড়ির টান,
এই ভাষাতে ফোটে বুলি এই ভাষাতে প্রাণ।
বাংলা আমার মাতৃভাষা মায়ের স্নেহ-বুলি,
এই ভাষাতেই অনুভূতি, হৃদয় দুয়ার খুলি।
বাংলা আমার মাতৃভাষা রক্তনাড়ির টান,
এই ভাষাতেই কাঁদা-হাসা, এই ভাষাতে গান।
বাংলা আমার মাতৃভাষা রবীন্দ্র-নজরুল,
অতুলপ্রসাদ দ্বিজেন্দ্রলাল ফোটায় গানের ফুল।
বাংলা আমার মাতৃভাষা মাইকেল মধুসূদন,
অপরূপা গ্রাম-বাংলায় পাখির মধুর কূজন।
বাংলা আমার মাতৃভাষা হৃদয়-বাগের ঢেউ,
সালাম বরকত আবদুল জব্বার আর রফিককেও।
বাংলা আমার মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি,
রক্তে মাখা ভাষার দাবি ভুলতে তাকে পারি!
বাংলা আমার মাতৃভাষা গ্রাম বাংলার বধূ,
'মা' ডাকের কি মহিমা জানি আমরা শুধু।
বাংলা আমার মাতৃভাষা হৃদয়ের স্পন্দন,
এই ভাষাতেই গাঁথে মালা হৃদয়-তনু-মন।
কবির পরিচিতি:
প্রথম লেখালিখি: প্রথম কবিতা "প্রেম" প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (১৯৮৯) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ'র গল্প) ১৯৮৯ সালে। প্রথম কিশোর উপন্যাস "গুপ্তধনের খোঁজে" প্রকাশিত হয়েছে ১৯৮৯ সালে শারদীয় "আসানসোল হিতৈষী" পত্রিকায়। লেখালেখির সেই প্রবাহ এখনও ভীষণভাবেই বহমান … নানা ধরণের লেখা নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে দেশ ও বিদেশের অজস্র পত্র-পত্রিকা ও দৈনিকে। লেখালেখির সংখ্যা সাড়ে পাঁচ হাজারের কিছু বেশি — যার অধিকাংশই বিভিন্ন পত্র-পত্রিকা ও দৈনিকে প্রকাশিত হয়েছে।
প্রকাশিত গ্রন্থ: হারিয়ে গেছে ডাক-বাক্স, ধিতাং ধিতাং বোলে, অদ্ভুত যতো ভূতের গল্প, পদ্য ভরা আমার ছড়া, ছন্দ ভরা আমার ছড়া, আলুক ফালুক পদ্ম-শালুক, ‘আয়নার সামনে একা’, ‘প্রথম অন্ধকার এবং ঈভ’, ‘অনিকেত শ্রদ্ধাঞ্জলি, নিমগ্ন রাত্রির ধ্বনিময় সংলাপ, প্রণমি তোমায়।
প্রকাশিতব্য গ্রন্থ: রূপকথার রূপ ও কথা, ভয়ঙ্কর প্রতিশোধ, গুপ্তধনের সন্ধানে, জীবনের রোদ-রং ইত্যাদি।
সম্পাদিত গ্রন্থ: চয়নিকা (প্রথম খণ্ড), চয়নিকা (দ্বিতীয় খন্ড), কিশোর কবিতা সংগ্রহ, চয়নিকা (তৃতীয় খন্ড), চয়নিকা (চতুর্থ খন্ড)।
সম্মাননা: পেয়েছেন অজস্র পুরস্কার ও সম্মাননা। তবুও পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই তাঁর কাছে সবচেয়ে বড় পুরস্কার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন