বর্ষায় প্রেম | বৃষ্টিপাড়া | কাজল মৈত্র
কবিতা......
"বৃষ্টিপাড়া"
কাজল মৈত্র
রানাঘাট, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ
প্রতিটি রাত কেমন তীব্র দহনে কেটে যায়
আষাঢ় শ্রাবণ যেন বৃষ্টির স্মরণ
গরমের শব্দের কি ভীষণ প্লাবন
বর্ষা কি এখনও আছে বৃষ্টিপাড়ায়
রোজ হয় মেঘ স্বস্তি ক্ষণিক
বৃষ্টি যেন এক ক্ষণস্থায়ী পথিক
রৌদ্র কি ভীষণ ঘৃণার আগুন জ্বালায়
কিছু বৃষ্টি দলছুট হয়ে পড়ে
মিথ্যে আশ্বাসে জল হয়ে পড়ে
সূর্যের তামাটে রং স্পর্দ্ধায় লাল হয়
ফসফরাসের মত শুধু বিদ্যুৎ চমকায়
কবে যে বৃষ্টি নামবে গভীর মমতায়।
"বর্ষায় প্রেম"
কাজল মৈত্র
রানাঘাট, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ
পার্কের গোড়ালী জলে সময়টা কেটে যায়
এক ছাতা দুই মাথা অংকটা ভেসে যায়
চৈত্র সেলের মত জলে সব ভাসছে
ব্যাঙগুলো গোমড়ামুখে আদরেতে ডাকছে
টিপটাপ চুপচাপ ছাড় নেই বর্ষায়
স্মৃতিগুলো দাঁড়কাক নেমে আসে সস্তায়
কলেজেতে পড়া বলে কোন সে পাগলে
হাত ধরে প্রেম হবে ছাতার আড়ালে
ফাঁকটাক বেছে নিয়ে সূর্যটা আলো দেয়
গুরগুর গড়গড় মেঘ শুধু ডেকে যায়
জাগলিং করে জলে প্রেমিকারা হেসে যায়
মেঘটেঘ গায়ে মেখে শর্টকাটে হেঁটে যায়
বৃষ্টিতে ভিজে চলে শুনশান রাস্তা
বর্ষাতে ছাতা নিয়ে প্রেম করা সস্তা
বানভাসি পার্ক যেন বিমর্ষ গ্রহ হয়
এঁটো কাঁটা নোংরা গুটিগুটি পায়ে যায়
হিজিবিজি সব কিছু ভেজাপথে হাঁটছে
বয়স ভাঁড়িয়ে শহর হাঁটু জলে কাঁদছে
পচাপচা জল সব আঁচলেতে লাগছে
এক ছাতা দুই মাথা সবটাই ভিজছে ।
বড় গল্প: লাল নীল আলো (আগুন)
দিশার সাইকেলটা সারিয়ে দেওয়ার পর থেকে, দিশা আর অভিজিতের কথোপকথন বাড়তে থাকে। আস্তে আস্তে সেটা বন্ধুত্বে পরিণত হয়। দিশা বলেছিল যে, ওদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের থাকবে। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কটা যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয়, দিশা নিজেও বুঝতে পারেনি।
পড়ুন: https://pratilipi.page.link/

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন