উমা ও উমারা | সুমিতা চৌধুরী
উমা ও উমারা
সুমিতা চৌধুরী
এক উমা আসার অপেক্ষায়,
কত-শত উমা প্রহর গোণে।
একচালার সপরিবারের উমার জন্য,
একঘেয়েমি যাপন ছেড়ে উৎসবেরই স্বপ্ন বোনে।
এক উমার ঘরে ফেরার বার্তায়,
কত উমা সন্তানের পথ চেয়ে থাকে।
কতো না ভালো-মন্দের পসরা সাজিয়ে,
ক্ষণিকের সুখ যাপনের ছবি আঁকে।
এক উমার বাপের বাড়ি আসার তোড়জোড়ে,
কত উমা ফেলে আসা আঙিনার স্মৃতিতে ভাসে।
ছেলেবেলা দেয় যেন মনেতে ফেরারী ডাক,
কাঙ্ক্ষিত ছুটির অবসরে পরিবারের সান্নিধ্যে এসে।
এক উমা যখন যত্নে-আতিথেয়তায় ভাসে,
চারিদিকে খুশির রোশনাই জ্বেলে।
তখন শত উমার মেনকা মাও,
আপন উমার সুখের লাগি দেয় নিজ প্রাণটি ঢেলে।
এক উমার বিদায়কালে যখন,
ফাঁকা মণ্ডপ অশ্রু বিসর্জন করে।
তখন এমনই শত উমার বিদায় লগণে,
বিরহের ক্রন্দন রোল ওঠে প্রতি ঘরে ঘরে।
যাপনের চৌহুদ্দিতে আবার শুরু হয়
আগামীর পথ চাওয়া,
এক উমার সাথে মিলেমিশে একাকার হয়
শত উমার অপেক্ষায় তরী বাওয়া।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন