মৃত্যুর প্রতিযোগিতা | রূপো বর্মন
মৃত্যুর প্রতিযোগিতা
রূপো বর্মন
একদিন একটি কুকুর বাইরের আঙিনায় বসে প্রভুর দেওয়া খাবার খাচ্ছে। হঠাৎ সেখানে একটি বিড়ালের প্রবেশ। বিড়াল একটু দূরে থেকে কুকুরের দিকে চোখ বড়ো বড়ো করে তাকিয়ে থাকল।
কুকুর - কি ভাই। কি দেখছো ওভাবে?
বিড়াল - দেখছি প্রভু তোমাকে খুব ভালোবাসে আর যত্ন করে খেতেও দেয়।
কুকুর - ওহ! আচ্ছা।
বিড়াল - আমাকে তো দেখলেই দুর দুর করে তাড়িয়ে দেয়। ইঁদুর মেরে সাহায্য করি তাও।
কুকুর - তুমি একটু সাবধানে থেকো ভাই।
বিড়াল - হ্যাঁ। তোমাকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে থাকতে দেয়। আর আমি বাড়িতে জন্ম নেওয়া সত্বেও। আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার পেছনে লেগে থাকে। তাই তোমাকে দেখে আমার হিংসে হয়।
কুকুর - ওহ! তাই বুঝি তুমি আমার সাথে এমন আচরণ করো। কিন্তু এতে আমার দোষ কোথায়?
বিড়াল - জানি তোমার কোনো দোষ নেই। কিন্তু মেনে নিতে পারি না। তোমার এতো কদর। তাই তোমার সাথে সবসময় প্রতিযোগিতায় নামি।
কুকুর - ওহ! আচ্ছা। তাহলে তুমি আমার সাথে ইচ্ছে করে। মাঝে মাঝে খারাপ ব্যবহার করো। আর আমাকে খেতে দেখলে চোখ বড়ো বড়ো করে তাকাও।
বিড়াল - হ্যাঁ।
কুকুর - আচ্ছা ভাই, আমার সাথে যেহেতু তুমি সবসময় প্রতিযোগিতায় নামো। তাহলে আমার বলা আর একটি প্রতিযোগিতায় নামবে?
বিড়াল - বলো কোন প্রতিযোগিতা?
কুকুর - মৃত্যুর প্রতিযোগিতা।
কথাটা শোনা মাত্রই বিড়াল মুখ ফিরিয়ে সেখান থেকে চলে গেল। কারণ মৃত্যু ভয় সবার থাকে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন