কবিতর নাম:- জিজ্ঞাসা | কবির নাম:- কালাকার
কবিতর নাম:- জিজ্ঞাসা
কবির নাম:- কালাকার
তুমি চেয়েছিলে
এক চিলতে খোলা আকাশ
এক বুক ভালোবাসা
আর এক ছোট্ট নীড়!
তোমার অষ্টাদশীর সে চাওয়া
ছিল ন্যায্য ও বাস্তব।
আমার একুশে বসন্তের
টগবগে অশ্বমেধ ঘোড়া ভেবেছিল
এ আর এমন কি!
কিন্তু বাস্তবের রুক্ষ মাটিতে
তাৎক্ষণিক প্রলোভনে
হয়তোবা এছাড়া না ছিল উপায়!
তাই তোমার সে প্রত্যাশা হয় খান খান,
এ জীবনের সব স্বপ্নকে বুকে চেপে
নতুন স্বপ্নে হয়ে বিভোর
নতুন অচিনপুরীতে দিয়েছিলে পাড়ি!
না, কোন কৈফিয়ৎ করিনি
কারণ ওটুকুও দেওয়া ছিল
আমার সাধ্যাতীত
হয়তো তাই!
আজ জীবনের পড়ন্ত বসন্তের
শেষ বেলায় তোমার কৈফিয়ৎ
আমার হতাশার বুকে
এক চিলতে খোলা বাতাস!
বাকি জীবনের জন্য রইলো
আঙুর ফল টকের যন্ত্রণা!
সকল ভাবনা তাই আজ
এক তন্ত্রীতে বাঁধা!
সব ফুলতো রঙিন স্বপ্ন নিয়ে ফোটে!
কিছু যায় অকালেই ঝরে
কিছুর স্থান হয় শ্মশান শয্যায়
বাকি কিছু ভালোবাসার কানাগলিতে
কিছুবা বাসর সজ্জায়!
আমার সেদিনের সে একুশ
তোমাকে যদি এখন প্রশ্ন করে
কেন এমন হলো?
তোমার দু'চোখের উত্তর কি
চেরাপুঞ্জির মেঘ হয়ে ঝরবে?
না, সাহারার উষর তপ্ত মরুতে
করবে নাকানি চোবানি?
কিংবা সাইবেরিয়ার হিমশীতলতায়
কেবলই হাঁসফাঁস!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন