কবিতা:- নির্ভীক | কবি:- মৃন্ময় ভট্টাচার্য
কবিতা:- নির্ভীক
কবি:- মৃন্ময় ভট্টাচার্য
কেউ বাছেনি মা-জননী
বাছে না কেউ মাতৃভূমি
এলাম যখন ধরণীতে
জীবন শুরুর প্রাতে।
জানতাম না এদের ভাষা
কার যে পাবো ভালোবাসা,
জানতাম না মরা-বাঁচা
আছে কাদের হাতে।
যে এলো সে আপনি এলো
গেল যে'জন নিজেই গেল,
হাঁটছি শুধুই জীবন পথে
সঙ্গী জুটিয়ে সাথে।
আছে মৃত্যু আছে জরা
হোঁচট খেয়ে উঠেপড়া,
সুখ-দুঃখের ভেলায় চড়ে
ভাসছি দিনে রাতে।
কাল কি হবে ভাবি না আর
যা হবে তা হবই তো পার
না হলে তো আসন আছে
ঘরে ফেরার রথে।
নির্ভয়ে তাই হেঁটে বেড়াই
এই জীবনের পথে।

দারুণ লিখেছেন
উত্তরমুছুন