কবিতা:- স্পন্দন | কবি:- অরবিন্দ সরকার
কবিতা:- স্পন্দন
কবি:- অরবিন্দ সরকার
সাগরের ঢেউ গুনি বুকের স্পন্দনে,
সময়ের গতি বুঝি তপনের স্থিতি,
বাতাসের অনুভূতি দোলায় প্রকৃতি,
দিনের গতিপ্রকৃতি রবি অবসানে।
অতীতকে টেনে আনি, ভবিষ্যত ঋণে,
বর্তমান টলোমলো আগামীর প্রীতি,
ভয়মিশ্রিত শাসন চলমান রীতি,
বাকস্বাধীনতা খর্ব মৃত্যু ধনেপ্রাণে।
বিচারের আগে রায় প্রহসন বানে,
স্বার্থ অর্থপূর্ণ বাক্য একা উপস্থিতি,
ভাগের মা'র মরণ ভাগফলে ইতি।
বিনা মেঘে বজ্রপাত খনার বচনে
জ্বলন্ত বারুদ শিখা, তার মতিগতি,
লঙ্কাকাণ্ড ধ্বংস হবে নিরোর প্রবৃত্তি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন