কবিতা:- রাজার হস্ত |কবি:-তারা ভট্টাচার্য
কবিতা:- রাজার হস্ত
কবি:-তারা ভট্টাচার্য
বললো গুপী শোনরে বাঘা
রূপনগরে ঝড়,
অনেক মানুষ হারিয়েছে যে
তাদের বাড়িঘর।
এই সময়ে ঘরে বসে
থাকা উচিত নয়,
দুর্গতদের পাশে গিয়ে
দাঁড়াতেই হয়।
এই না বলে দু'জন মিলে
রূপনগরে গেল
লোকজনেরা তাদের দেখে
ভরসা মনে পেল।
বললো গুপী চিন্তা নেই
আমরা ভূতের বরে
অনেক খাবার পৌঁছে দেব
সবার ঘরে ঘরে।
বাঘা বললো আয়রে গুপী
হাতে দিই তালি,
তার পরেতে আসবে নেমে
খাবার থালি থালি।
এই না বলে দু'জনেতে
মারলো তালি যেই,
অবাক কান্ড কোথায় খাবার
কিচ্ছুটি তো নেই!
খোঁজ করে গুপী-বাঘা
জানলো অবশেষে,
খাবার যখন হাওয়াতে
আসছে ভেসে ভেসে
সেই সময়ে রাজার লোকে
করেছে ছিনতাই,
দুর্গতদের কপালেতে
জুটলো পোড়া ছাই।
বললো বাঘা রবি কবির
কথা মনে করি,
"রাজার হস্ত করে সমস্ত
কাঙালের ধন চুরি"।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন