চোরের রাজ্য | অরবিন্দ সরকার
রম্যরচনা "চোরের রাজ্য
লেখকের নাম:- অরবিন্দ সরকার
পৃথিবীর এক কোণে চোরের এক স্বর্গরাজ্য বিদ্যমান। সর্বত্রই চোরের লীলাখেলা। রাস্তাঘাট, স্কুল,কলেজ, পরিকল্পনায় সর্বত্র চোর।এ রাজ্যের রাজা মন্ত্রী সবাই চোর।
ভিন্ প্রদেশের এক ব্যক্তি ভুল ক'রে এ রাজ্যের সীমানায় এসে পড়েছেন! দিকভ্রান্ত ব্যক্তি এ রাজ্যের এক জনকে ডেকে বললেন- বাবু বাবুগো শোনেন। আমি বাবু এ কোথায় এলাম।
সেই ব্যক্তি রেগে বললেন কি বললি বল্ আর একবার? দেখ্ তোর চোখ উপড়ে নেবো।বল্ চোর ! এখানে বাবু ব'লে আমাদের ছোট করবিনা।আমরা ছোট জাতের নই! বাবু নাম ছোটসম্প্রদায়ের। আমরা সবাই চোরের বংশধর।
--- চোরবাবু এটা কোন্ রাজ্য! এখানে সবাইকে কি চোরবাবু বলে ডাকতে হবে?
-- আবার বাবু ! চোরের পরে আর বাবু থাকতে পারে না।চোর ও বাবু দুটো ফারাক জাত।তাই শুধুমাত্র চোর সম্বোধন কর্। আমরা চোর বললে তৃপ্তি লাভ করি।এ সম্প্রদায় চোরে চোরে মাসতুতো ভাই। আমাদের এখানে চোরের ভাগ আছে।ছিচকে্ চোর, পকেটমার,ডাকাত,বড়চোর, চোরের ভাগের চোর,মাটিচোর,জলচোর,বালিচোর, কয়লা চোর , ময়লা চোর,গরুচোর,ছাগল, ভেড়া পশুপক্ষীচোর,অধম ও উত্তম চোর।
তুই এর মধ্যে যে কোনো নামেই ডাকতে পারিস্।তবে চোর শব্দটি যেন যুক্ত থাকে।ওটা আমাদের মান সম্মান জড়িত।বাবু নাম ডেকে অপবাদ দিবি না । ভুল করে যখন এসেই পড়েছিস্ তখন মাশুল লাগবে।
-- কেন? আমি তো কিছুই নিইনি তাহলে কর্জ্জ দিতে হবে কেন? মগের মুল্লুক নাকি?
- মুখ সামলে কথা বলার চেষ্টা কর্। তোকে কি আমরা ডেকে এনেছি! তুই অনাহুত এখানে এসেছিস্। বেশি কথা বাড়ালে পুলিশচোরকে ডাকবো ! তখন শুল্কের হার ডবল্ হবে।
-- দেখুন দিকি কি জ্বালায় পড়লাম।ভুলের ক্ষমা নেই , মাশুল গুনতে হবে।পথ দেখাবার কেউ নাই, কিন্তু উল্টোপথে টাকা দিতে হবে।
তা চোরস্যার কতো দিতে হবে।
-- ষোলো আনা! বারোআনা রাজ্যের রাজার। চোরের উন্নয়নের জন্য আর মাত্র ঐ চার আনা আমার প্রাপ্য। আমার মানসম্মান নেই।এই সম্মান বোধ আছে বলেই আমাদের রাজ্য চারিদিকে ব্রহ্মদৃষ্টিতে এগিয়ে চলেছে। রাজ্যের সীমানা ছাড়িয়ে যদি চুরি করতে পারি তাহলে বিভূষন উপাধি প্রাপ্ত হবো।
-- তাহলে আমার কাছে আমার দেশের টাকা আছে নিন।তবে রাহাখরচ বাদ দিয়ে যা আছে নিন।
--- কি বিদেশি টাকা!জাল টাকার ব্যবসা করিস্ তুই? তোকে চোরেদের শ্রীঘরে নিক্ষেপ করবো।তখন বুঝবি ,যে কতো ধানে কতো চাল।তখন পদে পদে টাকা লাগবে দেখবি। তোর জমিজমা,মাগ্ ছেলে বন্ধকি দিয়ে এই চোররাজ্য থেকে যেতে পারবি।
-- ঠিক আছে চোরস্যার নিন।এবার রাস্তাটা বলে দিন আর এ রাজ্যের নামটা বলুন।
--- ভুল ক'রে এসেছিস্ তাই চোরের ভাগ্যি।আবার রাস্তা দেখালে মহাপাপ।ও পাপ আমি করতে পারবো না।কারো মুখের ভাত কাড়তে পারবো না। যেতে যেতে কতো চোরের পাল্লায় পড়বি তার ইয়াত্তা নাই।সবাইকে তো ক'রে খেতে হবে!এ আমাদের জাত ব্যবসা।ব্যবসার ক্ষতি করতে পারবো না।চোরেদের ব্যবসা চোরাবালিতে ধ্বংস হোক চাইনা।যাবার সময় জয়ধ্বনি দিয়ে যা।এটা এখানকার সংবিধান!
--- জয় চোরেদের জয়।জয় চোরের রাজ্যের জয়!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন