কবিতা:-মহানুভব ।/কবি:- প্রবাল মুখোপাধ্যায়।

কবিতা:- মহানুভব
কবি:- প্রবাল মুখোপাধ্যায়। 

এই মানুষটিকে দেখে রাখুন।
ঠিক ধরেছেন,  আপনার এলাকার  বিধায়ক।
গতবার নির্বাচনের ক'দিন আগে
এই মানুষটি বাড়ির দরজায় হাত জোড় করে দাঁড়িয়েছিলেন,
মুখে ছিলো মুশকিল আসান হাসি।
পাড়ার দাদারা আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলো।
উনি বলেছিলেন, বেকার ? তেত্রিশেও ?
ভালো চাকরি আছে, পার্টি অফিসে আসুন।

আপনারই ষোলোআনা দোষ, 
আপনি ভুল দিনে চলে গিয়েছিলেন।
আপনারই ষোলোআনা দোষ,
যা আপনার দেখার নয়, তাই দেখে ফেলেছিলেন।
উনি সেদিন কিঞ্চিৎ ব্যস্ত ছিলেন,
তাঁর টেবিল ঘিরে বসেছিলো
কৃপাপ্রার্থী, সুবিধাবাদী, উমেদার, প্রবঞ্চক কিছু মানুষ।
দর কষাকষি চলছিলো
নিলামে দর উঠছিলো
রফা নিষ্পত্তির শেষে
পাঁচশোর বাণ্ডিল এসে জমা পড়ছিলো টেবিলে।
তাঁকে ঘিরে দাঁড়িয়েছিলো ভক্তের দল
প্রসাদের অপেক্ষায় তাদের চোখ চকচক করে উঠছিলো।

আপনাকে দরজা খুলতে দেখে
ওদের হাসি উবে গিয়েছিলো, 
দর কষাকষি থেমে গিয়েছিলো,
কাগজের তলায় চাপা পড়েছিলো  টাকার বাণ্ডিল।
নেকড়ের গুহায় ঢুকে পড়েছে একটা আস্ত বেড়ালছানা,
আপনার অবস্থাটা ছিলো অনেকটা এইরকম।
দশবিশটা রক্তচক্ষু আপনার দিকে একটু একটু করে এগিয়ে আসছিলো,
বিপদ আঁচ করে আপনি লম্বা দৌড় দিয়েছিলেন,
শিকার ফস্কে যাওয়ার নিষ্ফল আক্রোশে ওরা হাত কামড়েছিলো।

আজ আবার উনি এসেছেন
আপনার বাড়ির দরজায়।
সেই বরাভয় ভঙ্গী,
মুখে সেই মুশকিল আসান হাসি।
ওঁরাই পারেন সবকিছু ভুলে গিয়ে
দরজায় এসে দাঁড়াতে।
ওঁরা সত্যিই মহানুভব, 
ওঁরা আছেন বলেই দেশটা বেঁচেবর্তে আছে,
ওঁরা আছেন বলেই আপনি আমি আছি
শুধু মাঝে মাঝে পিঠে হাত চলে যায়,
দেখে নিতে হয়, 
মেরুদণ্ডটা আছে তো ঠিকঠাক, সোজা ?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়