কবিতা:-নাম/ কলমে - বন্দনা কুন্ডু
নাম
কলমে - বন্দনা কুন্ডু
সেদিন হঠাৎ করেই বললে...
একটা নাম দিও তো আমায়,
যা দিয়ে শুধু তুমি ডাকবে...
সোনু,বাবু, সোনা,মনা... এসবের বাইরে একেবারে অন্যরকম একটা নাম।
আমি বললাম.…বেশ! তোমাকে আকাশ কিংবা রোদ্দুর বলে ডাকবো।
দুটোতেই মুক্তি লুকিয়ে আছে যে।
তুমি বললে..... ধুর, মাটির বুকে আকাশ বড় বেমানান,
আর রোদ্দুর..কড়া হলেই ঝলসে যাবে..
বললাম,.... তবে মিঠে হও...
তুমি বললে.... মিঠে হলেই সকলে ছুঁয়ে যাবে।
এসব না....
একান্ত তোমার করে কিছু নাম...
তাহলে...ঢেউ বা সমুদ্র, বৈকাল বা অলিন্দ,
চাইলে বিহঙ্গ-ও ডাকতে পারি।
এগুলো বেশ, তবে একান্ত তোমার না...
..অভিনন্দন বা চিরন্তন?
নাহ্.. অভিনন্দনে জয়ের অহংকার লুকিয়ে আছে..
আর চিরন্তন বলে কোনো কিছু হয় না।
আমি বললাম....তবে ক্ষণিক বা মুহূর্ত ডাকি?
এত স্বল্পস্থায়ী করে দিতে চাইছো?
অনুভূতিতে মিশিয়ে দাও না পৃথক কিছু একটা....
তাহলে.... নিবিড়,নির্জন,অবসর অথবা নৈঃশব্দ?..
যা, একান্তই আমার।
কিন্তু এগুলোতে তোমার অনুভূতি মেশানো নেই।আর একটু আলাদা.....
সবগুলো নামই প্রিয় আমার...
তবু আমার একান্ত হৃদয় সাম্রাজ্যের অধীশ্বর,
মনের সমস্ত আবেগ অনুভূতি মিশিয়ে তোমায় দিলাম সবচেয়ে প্রিয় নাম.....অভিমান।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন