কবিতা:- একুশের কথা কবি:-ধনঞ্জয় পাল।।
একুশ মানে তোমার আমার স্বপ্নের সন্ধান,
একুশ মানে মরা নদীতে এলো আবার উজান।
একুশ মানে ইতিহাসের পাতা উলটে দেখা,
একুশ মানে বাহান্নতে হলো রক্তলেখা।
একুশ মানে পলাশ-শিমুল লালবাহারি ছবি,
একুশ মানে বর্ণমালা সাজিয়ে চলেন কবি।
একুশ মানে তোমার হাতটি রাখো আমার হাতে,
একুশ মানে,বর্ণমালা-চলবো তোমার সাথে।
একুশ মানে মায়ের কথাই বয়ে নিয়ে চলি,
একুশ মানে 'অ'-এর সাথে 'চন্দ্রবিন্দু'র হোলি।
একুশ মানে ঝরাপাতার উপরে সবুজ পাতা,
একুশ মানে বন্ধ খাতা খুললে বেরোয় কবিতা।
একুশ মানে রক্তচক্ষুর।হিসাব দেবার পালা,
একুশ মানে সেজে ওঠে আমার বর্ণমালা।
একুশ মানে দুই চলভাষে আঁকিবুকি কথা,
একুশ মানে সেরে যাবে দুখিনী মায়ের ব্যথা।
একুশ মানেই মায়ের আকুল-"খোকা!আয়রে ঘরে,
একুশ মানে চোখের কোণে জল চিকচিক করে।
একুশ মানে দেশ-কাল নয়,আন্তর্জাতিক দিবস,
একুশ মানে মায়ের ভাষা, মায়ের হাতের পরশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন